
ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে–এর প্রকাশিত প্রতিবেদন—যেখানে দাবি করা হয়েছিল অধ্যাপক মুহাম্মদ ইউনূস পাকিস্তানের যৌথবাহিনীর প্রধানকে ভারতের উত্তর-পূর্বাঞ্চল যুক্ত মানচিত্রসংবলিত পতাকা উপহার দিয়েছেন—তা সম্পূর্ণ অসত্য ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে সিএ ফ্যাক্ট চেক।
তদন্তে দেখা গেছে, অধ্যাপক ইউনূস প্রকৃতপক্ষে ‘দ্য আর্ট অব ট্রায়াম্ফ’ নামের একটি চিত্রসংকলন উপহার দিয়েছেন, যেখানে জুলাই গণঅভ্যুত্থানের সময়কার শিক্ষার্থীদের আঁকা রঙিন গ্রাফিতি ও দেয়ালচিত্র সন্নিবেশিত হয়েছে। প্রচ্ছদে শহীদ আবু সাইদের পেছনে বাংলাদেশের একটি মানচিত্র অঙ্কিত থাকলেও সেটি একটি শিল্পচিত্র, কোনো রাজনৈতিক মানচিত্র নয়।
সিএ ফ্যাক্ট চেক স্পষ্ট করেছে যে, উক্ত মানচিত্রে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের কোনো অংশ যুক্ত নেই। তুলনামূলক বিশ্লেষণে মানচিত্রটি বাংলাদেশের আসল ভূচিত্রের সঙ্গে প্রায় অভিন্ন। ফলে, ইন্ডিয়া টুডে–এর দাবি সম্পূর্ণ কল্পনাপ্রসূত। এই একই চিত্রসংকলন অধ্যাপক ইউনূস পূর্বেও বিভিন্ন বিশ্বনেতাকে উপহার দিয়েছেন।


