
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ২০০৮ সালের পর প্রথমবারের মতো বাংলাদেশে একটি পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষণ মিশন পাঠাতে যাচ্ছে। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের সময় এই মিশনে ১৫০ থেকে ২০০ জন পর্যবেক্ষক অংশ নেবেন বলে জানিয়েছেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার।
মঙ্গলবার ঢাকায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে রাষ্ট্রদূত জানান, মিশনের অনুমোদন এখনো প্রক্রিয়াধীন। তিনি আরও বলেন, ইইউ স্থানীয় নির্বাচন পর্যবেক্ষক নিয়োগেও সহায়তা করবে। আলোচনায় সাংবিধানিক ও শ্রম আইন সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা, বাণিজ্য সম্পর্ক এবং রাজনৈতিক প্রক্রিয়া নিয়ে মতবিনিময় হয়।
রাষ্ট্রদূত মিলার জুলাই জাতীয় সনদকে গণতন্ত্রের রূপান্তর ত্বরান্বিত করার গুরুত্বপূর্ণ দলিল হিসেবে উল্লেখ করে বলেন, ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের ভাবমূর্তি পুনর্গঠনের বড় সুযোগ। ইইউ বাংলাদেশের এলডিসি থেকে মধ্যম আয়ের দেশে উত্তরণের প্রক্রিয়াতেও সহযোগিতা অব্যাহত রাখবে বলে তিনি জানান।










