
টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে নারীর অংশগ্রহণকে কেন্দ্রীয় উপাদান হিসেবে বর্ণনা করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
আজ রাজধানীর আলোকি-তে অনুষ্ঠিত অ্যানুয়াল কমিউনিটি অব প্র্যাকটিসেস (সিওপি) নেটওয়ার্ক কনভেনশন ২০২৫—এমপাওয়ার উইমেন ফর ক্লাইমেট রিসাইলেন্ট সোসাইটিজ (ফেজ-২) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জলবায়ু পরিবর্তন আমাদের নিয়ন্ত্রণে না থাকলেও টিকে থাকার লড়াই আমাদের হাতে, আর এই লড়াইয়ে নারীরাই সবচেয়ে এগিয়ে।”
তিনি বলেন, মেগা প্রকল্পের পাশাপাশি নদীভাঙন ও দুর্যোগপ্রবণ এলাকার মানুষের সুরক্ষায় বেশি বিনিয়োগ প্রয়োজন। নারীদের সক্ষমতা বৃদ্ধি এবং স্থানীয় উদ্যোক্তাদের উদ্ভাবনী প্রচেষ্টা জাতীয় উন্নয়নের মূলধারায় আনতে হবে।
সুইডেন, সুইজারল্যান্ড, জাতিসংঘ নারী সংস্থা এবং মানুষের জন্য ফাউন্ডেশনের প্রতিনিধিরাও অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে জলবায়ু অভিযোজন উদ্যোগে অবদান রাখার জন্য ১০ জন নারীকে সম্মাননা দেওয়া হয়।










