
বাংলাদেশের টেকসই উন্নয়ন, জলবায়ু সহনশীলতা এবং মানবিক সহায়তার ক্ষেত্রে জার্মানী তার দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক ভাইস মিনিস্টার জোহান সাতফের ঢাকা সফর শেষে প্রকাশিত দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সফরকালে জোহান সাতফ বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, জাতিসংঘ ও উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর সঙ্গে একাধিক বৈঠক করেন। এসব বৈঠকে জলবায়ু পরিবর্তন, সুশাসন, টেকসই প্রবৃদ্ধি ও মানবিক সহায়তা জোরদার করার বিষয় নিয়ে আলোচনা হয়।
তিনি কক্সবাজারে গিয়ে রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগণের পরিস্থিতি পর্যালোচনা করেন এবং বলেন, “রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদে ও মর্যাদার সঙ্গে নিজ দেশে ফেরার সুযোগ থাকা উচিত।” জার্মানী মিয়ানমারে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বাংলাদেশ ও হোস্ট কমিউনিটির পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি।










